দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় তিনি আগে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। নিম্ন আদালতের সেই রায় বাতিল করে আজ হাইকোর্ট এ রায় দেন।



সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১২ অক্টোবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছিল নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে করা বাবরের আপিলের শুনানি শেষে বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

তবে সাজা বাতিল হলেও এখনই মুক্তি পাচ্ছেন না বাবর। তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা মডেল থানায় বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি করেছিল। এছাড়া, ২০০৭ সালের ৩০ অক্টোবর অবৈধ অস্ত্র ও গুলি রাখার মামলায় তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন থেকে ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন।