গা.জা.র উত্তরাঞ্চলে ১৫ দিন ধরে বন্ধ ত্রাণ সহায়তা
ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার ফলে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের মানবিক পরিস্থিতি চরম সংকটাপন্ন হয়ে উঠেছে। হামলা এতটাই ভয়াবহ যে, গাজার শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্রগুলোও সুরক্ষিত থাকছে না। হামাসের অভিযোগ, টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে কোনো ত্রাণ পৌঁছাতে দেওয়া হয়নি।
শনিবার (১৯ অক্টোবর) হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি এক টেলিভিশন বিবৃতিতে এই অভিযোগ তুলে ধরেন। তিনি আরও বলেন, ইসরায়েল মানবিক সহায়তার প্রবাহে বাধা দিচ্ছে এবং উত্তর গাজায় মানবিক সহায়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
সামি আবু জুহরি আরও অভিযোগ করেন যে, মধ্য গাজায় কিছু ত্রাণ সরবরাহের অনুমতি থাকলেও, উত্তর গাজায় ১৫ দিনেরও বেশি সময় ধরে কোনো ত্রাণ পৌঁছাতে দেওয়া হয়নি।
এদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচির গাজার কান্ট্রি ডিরেক্টর আন্তোইন রেনার্ড সতর্ক করে বলেন, উত্তর গাজার জনগণ চরম খাদ্য সংকটে রয়েছে। সেপ্টেম্বর মাসে তাদের ত্রাণ সহায়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তিনি জানান, ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নতুন করে কোনো খাদ্য সহায়তা সরবরাহ সম্ভব হয়নি। কিছু ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
হামাসের দাবি অনুযায়ী, ইসরায়েল অপরাধ ও গণহত্যার প্রমাণ আড়াল করতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।
.jpg)
0 মন্তব্যসমূহ